লক্ষ্মীপুর সদরে ৪২০০ কৃষক পেলেন কৃষি প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ হাজার ২০০ জন প্রান্তিক কৃষকের মাঝে উচ্চফলনশীল (উফশী) রোপা আমন ধান বীজ ও হাইব্রিড মরিচ বীজসহ সার বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

আজ দুপুরে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় উপজেলা কৃষি অফিসার মো. হাসান ইমাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার এবং বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এই কর্মসূচির আওতায় ৪ হাজার জন কৃষককে রোপা আমন ধানের প্রণোদনা দেওয়া হয়েছে। প্রতিজন কৃষক এক বিঘা জমি আবাদের জন্য ৫ কেজি উফশী রোপা আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন। এছাড়া হাইব্রিড মরিচ চাষে উদ্বুদ্ধ করতে ২০০ জন কৃষকের প্রত্যেককে ১০ গ্রাম হাইব্রিড মরিচ বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান ইমাম বলেন, “কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফলন বাড়ানো। আমাদের প্রত্যাশা, এই প্রণোদনার মাধ্যমে রোপা আমন ধান ও হাইব্রিড মরিচের আবাদ ও উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা স্থানীয় কৃষিতে ইতিবাচক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত থেকে কৃষি উপকরণ গ্রহণ করেন।