লক্ষ্মীপুর ভূমি অফিসে পাঠাগার: সেবার সঙ্গে জ্ঞানচর্চাও

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১০ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ভূমি অফিসে সেবা নিতে এসে অপেক্ষার সময়কে কাজে লাগাতে এবার পাঠাগার চালু হলো লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিসে। 

মঙ্গলবার সকালে এ পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ এবং সামাজিক সংগঠন সনাকে’র সাবেক সভাপতি জেডএম ফারুকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা প্রশাসক বলেন, “জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই। ভূমি অফিসে আগত সেবাগ্রহীতারা এখন শুধু অপেক্ষা করবেন না, বরং জ্ঞান অর্জনের সুযোগও পাবেন।”

প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে শত শত মানুষ ভূমি অফিসে আসেন। অনেক সময় সেবা নিতে গিয়ে অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ। এই সময়টুকু যেন বই পড়ে কাটানো যায়, সে উদ্দেশ্যেই পাঠাগারটি চালু করা হয়েছে। এতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ার সুযোগ তৈরি হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।