
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া অবসরকালীন ভাতা (লামগ্রান্ট ও আনুতোষিক) পরিশোধ করা হয়েছে। পৌরসভা সূত্রে জানা যায়, মোট ৭৯ জনের জন্য প্রায় ৪ কোটি ৯১ লাখ ৭৭ হাজার ৬৪৫ টাকা বকেয়া ছিল।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পৌরসভা হল রুমে শেষ ধাপে ৬৩ লাখ ৩৮ হাজার ২১৯ টাকার চেক বিতরণ করে বকেয়া প্রদান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর রফিকুল আহসান, সাবেক সভাপতি জেড এম ফারুকী, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ভূইয়া তফন এবং পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী।
বক্তারা বলেন, “ক’ শ্রেণির পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারিদের প্রাপ্য সুবিধা বকেয়া থাকা একটি দুঃখজনক বিষয়। তবে পৌর প্রশাসনের উদ্যোগে তাদের পাওনা বকেয়া জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন ধাপে পরিশোধ করা হয়েছে। আশা করি ভবিষ্যতে কোন কর্মকর্তা-কর্মচারির বকেয়া থাকবে না।”
