
লক্ষ্মীপুর প্রতিনিধি: চলতি বোরো মৌসুমে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ধান চাষে আশাব্যঞ্জক চিত্র দেখা যাচ্ছে। উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর ১০ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ সম্পন্ন হয়েছে, যা গত বছরের তুলনায় ১০০ হেক্টর বেশি। সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ৬৯ হাজার ৬৮০ মেট্রিক টন।
মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন করছেন এবং কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিচ্ছেন। ফলে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম রয়েছে। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার বাম্পার ফলনের আশা করছেন।
রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আবাদ সম্পন্ন হয়েছে এবং মাঠ পর্যায়ে মনিটরিং অব্যাহত আছে। উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত ধান বাজারজাত করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।
