
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শায়েস্তানগর ও গাজীনগর গ্রামের মধ্যবর্তী ডাকাতিয়া নদী-র ওপর নির্মিত একমাত্র বাঁশের সাঁকোটি ভেঙে ফেলায় দুই গ্রামের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে কয়েক হাজার মানুষ ও দুই পাড়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৩ এপ্রিল) রাতে দুর্বৃত্তরা সাঁকোটি ভাঙচুর করে। দীর্ঘদিন ধরে এই সাঁকো দিয়েই এলাকাবাসী ও শিক্ষার্থীরা চলাচল করতেন। সাঁকোটি ভেঙে যাওয়ায় বিকল্প কোনো পথ না থাকায় এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এলাকাবাসী জানান, সম্প্রতি ওই স্থানে একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেয় প্রশাসন। এ লক্ষ্যে জরিপ কাজও সম্পন্ন হয়। তবে গাজীনগর প্রান্তের কয়েকজন জমির মালিক তাদের জমির ওপর দিয়ে সেতু নির্মাণে আপত্তি জানান। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কিশোরদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরবর্তীতে বিষয়টি থানা ও আদালত পর্যন্ত গড়ায়।
স্থানীয়দের অভিযোগ, জমি-সংক্রান্ত ওই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে সাঁকোটি ভেঙে ফেলা হয়েছে।
ভুক্তভোগী একাধিক বাসিন্দা বলেন, সাঁকোটি ভেঙে যাওয়ায় তাদের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিশেষ করে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে।
একজন শিক্ষার্থী জানায়, “এই সাঁকোটিই ছিল আমাদের স্কুলে যাওয়ার একমাত্র পথ। এখন আমরা কীভাবে যাতায়াত করব, তা নিয়ে অনিশ্চয়তায় আছি।”
এ অবস্থায় দ্রুত সাঁকোটি পুনর্নির্মাণ, স্থায়ী সেতু নির্মাণ এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
