
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী : ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর রায়পুরায় বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মৃতি স্মরণে নবনির্মিত ম্যুরাল ‘বাংলার ঈগল’ উম্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় তাঁর নিজ গ্রাম মতিনগরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ম্যুরালের শুভ উদ্বোধন করা হয়।
নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যুরালটির ফলক উন্মোচন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, প্রথমবার ২০১৬ সালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এই ম্যুরালটি নির্মাণ করা হয়েছিল। তবে মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও সড়ক সম্প্রসারণ কাজের জন্য পূর্বের কাঠামোটি ভেঙে ফেলা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশনায় চলতি বছরের (২০২৬) জানুয়ারি মাসে রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যুরালটি পুনরায় নির্মাণের কাজ শুরু হয়।
“ম্যুরালটির আধুনিক স্থাপত্যশৈলী যেমন নতুন প্রজন্মের কাছে বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের বীরত্বগাথা তুলে ধরবে, তেমনি এর মাধ্যমে দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পেয়েছে।”
চারুশিল্পী ও ভাস্কর অলি মাহমুদের নিপুণ তত্ত্বাবধান ও শৈল্পিক ভাবনায় অত্যন্ত পরিকল্পিতভাবে এই ভাস্কর্যটি পুনর্নির্মাণ করা হয়েছে। এই নির্মাণকাজের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। নতুন রূপে এই ম্যুরালটি উদ্বোধনের ফলে বীর শ্রেষ্ঠের স্মৃতিবিজড়িত ‘মতিনগর’ গ্রামটি যেমন নতুন আলোয় আলোকিত হয়েছে, তেমনি মহাসড়ক দিয়ে যাতায়াতকারী মানুষের কাছেও এটি অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।
দীর্ঘদিন পর প্রিয় বীরের ম্যুরালটি পুনরায় ফিরে আসায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আজ সকাল থেকেই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের ঢল নামে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার, রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর, রায়পুরার সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
