
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লক্ষ্মীপুরের রামগতিতে দোয়া ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রামগতি পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরসেকান্তর গ্রামের মহাজন বাড়ির দরজায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর–৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক দুই মেয়াদের সাংসদ আশরাফ উদ্দিন নিজান। উপস্থিত নারীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্য দূরীকরণ ও পারিবারিক সম্প্রীতি জোরদারে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন। এতে দফা ২৪–এ ফ্যামিলি কার্ড এবং দফা ২৬–এ হেলথ কার্ড চালুর কথা বলা হয়েছে।
নিজান আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মানুষের মৌলিক প্রয়োজন ও বিশেষ করে নারীদের অধিকার বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। তিনি বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার আহ্বান জানান এবং ধানের শীষ প্রতীকের পক্ষে নারীদের ও তরুণদের সমর্থন প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, সম্পাদক সিরাজ উদ্দিন, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, জেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক সাহেদ আলী পটু, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মর্তুজা আল আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান, সদস্য সচিব শাহ মোহাম্মদ শিব্বির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু, পৌর যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান কবির এবং পৌর মহিলা দলের সদস্য সচিব আইরিন আক্তারসহ অন্যরা।
