
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয় ভোটারদের মাঝে আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হান্নান লাভলু। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় সম্পৃক্ততার কারণে নির্বাচনী মাঠে নিজের অবস্থান শক্ত করতে তিনি নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
ছাত্ররাজনীতির হাত ধরে রাজনৈতিক পথচলা শুরু করা আবু হান্নান লাভলু ভাটরা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দলীয় ও স্থানীয় কর্মীদের মতে, দীর্ঘ সময় ধরে তিনি দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
আবু হান্নান লাভলুর রাজনৈতিক ক্যারিয়ার বেশ বর্ণাঢ্য। তিনি ভাটরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, ইউনিয়ন যুবদলের সভাপতি, উপজেলা যুবদলের সহ-সভাপতি, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ ২০২৫ সালে তৃণমূলের সরাসরি ভোটে তিনি ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন।
এর আগে ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে তিনি নির্বাচন কমিশন ও আদালতের দ্বারস্থ হন এবং আইনি লড়াইয়ের মাধ্যমে পুনঃনির্বাচন নিশ্চিত করেন।
বর্তমানে ভাটরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন আবু হান্নান লাভলু। উন্নয়নের প্রতিশ্রুতি ও জনসমর্থন চেয়ে তিনি নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছেন।
নিজের প্রত্যাশার কথা জানিয়ে আবু হান্নান লাভলু বলেন, ‘দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে রাজনীতি করছি। দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে জনগণের সমর্থন পেলে ইউনিয়নের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক জীবনের অধিকাংশ সময় আমি দল ও এলাকার মানুষের সেবায় ব্যয় করেছি। ভবিষ্যতেও ভাটরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখাই আমার মূল লক্ষ্য।’
