রংপুরে আনসার–ভিডিপির মৌলিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

শহিদুল ইসলাম, রংপুর : রংপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৪ দিন মেয়াদি উপজেলা/থানা আনসার সদস্যদের (৭ম ধাপ) মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। আজ মঙ্গলবার নগরীর মাহিগঞ্জ আনসার–ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল (বিভিএম, পিভিএমএস)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ জাতীয় অগ্রগতির চালিকাশক্তি। দক্ষ ও প্রশিক্ষিত জনবল দেশ ও জাতির গুরুত্বপূর্ণ সম্পদ।” তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, আত্মকর্মসংস্থান সৃষ্টি, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আর্থিক স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে আনসার–ভিডিপি বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, সমাজ উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও ব্যক্তিগত উন্নতির জন্য অর্জিত জ্ঞান কাজে লাগাতে হবে। সময়োপযোগী মৌলিক ও পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচি চালু করায় বাহিনীর মহাপরিচালককে তিনি ধন্যবাদ জানান।

এদিকে, রংপুর সদর উপজেলার পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ক্লাস গ্রহণ করেন উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।

প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর আনসার–ভিডিপির জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্সের অধিনায়ক রাশেদুল ইসলাম (বিএএমএস)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মো. সাইদুল ইসলাম, সদর উপজেলা প্রশিক্ষক মো. মনিরুজ্জামান এবং ব্যাটালিয়ন আনসারের প্রশিক্ষকবৃন্দ।