
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর–৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যে রাজনৈতিক দল নিজ দলের কর্মীদের নিরাপত্তা দিতে পারে না, সেই দলের হাতে দেশও নিরাপদ নয়।
শুক্রবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী সভায় তিনি বলেন, ‘যে দলের লোকেরা ঠান্ডা মাথায় নিজের কর্মীকে হত্যা করে, নিজেদের কর্মীর কাছ থেকেই চাঁদাবাজি করে, সেই দলের হাতে বাংলাদেশ নিরাপদ থাকতে পারে না।’
রেজাউল করিম আরও বলেন, ‘জামায়াতকে বিরোধিতা করতে গিয়ে কেউ যেন ইসলামের বিরোধিতা না করে। আমাদের সমালোচনা করলে আমরা খুশি হই। কারণ সমালোচনার মাধ্যমে নিজেদের সংশোধনের সুযোগ তৈরি হয়।’
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যেসব ঘরে পৌঁছাতে পারিনি, আপনারা আমাদের বার্তা পৌঁছে দেবেন—এ জন্য আপনাদের ধন্যবাদ।’
সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাদের।
উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, জামায়াত নেতা শামছুল ইসলাম, শহর শিবিরের সেক্রেটারি আবদুল আউয়াল হামদু প্রমুখ।
