‘মানবিক ও ন্যায়ভিত্তিক নেতৃত্বেই ভবিষ্যতের বাংলাদেশ’ — ড. রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে মানবিক ও ন্যায়ভিত্তিক নেতৃত্বে।’

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের মিয়া রাস্তার মাথা এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

ড. রেজাউল করিম বলেন, ‘আমরা ক্ষমতার লোভী নই, শাসক হতে চাই না; বরং জনগণের প্রকৃত সেবক হতে চাই। আমাদের আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান একজন মানবিক নেতা। তিনি চান, এ দেশের প্রতিটি মানুষ যেন ন্যায়, ইনসাফ ও কল্যাণের ছায়ায় বাস করতে পারে।’

তিনি আরও বলেন, ‘আপনারা কি প্রস্তুত ইনসাফভিত্তিক কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট দিতে? আমরা কার্ড দেব না, বরং ওমর (রা.)–এর মতো রাষ্ট্রের সব সুবিধা ঘরে ঘরে পৌঁছে দেব— ইনশাআল্লাহ।’

সভায় সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান। এতে জেলা জামায়াতের সহসচিব মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, শহর নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।