জিয়া পরিবারের জনপ্রিয়তাই তাদের রাজনৈতিক শক্তির উৎস: এ্যানি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: .
প্রকাশ: ৬ মাস আগে

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর–৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটি পরিবার থেকে একজন রাষ্ট্রপতি ও একজন তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পর আবার একই পরিবার থেকে আরেকজন প্রধানমন্ত্রী হওয়া বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা। এটি নতুন ইতিহাস ও নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ২ ও ১৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

এ্যানি চৌধুরী বলেন, জিয়া পরিবার এ দেশের মানুষের কাছে কতটা প্রিয় ও ঘনিষ্ঠ, তা তাঁদের জনদরদী শাসন ব্যবস্থার মাধ্যমেই প্রমাণিত হয়েছে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেই, বেগম খালেদা জিয়াও আজ রাজনীতির মাঠে নেই। তাঁরা অত্যাচারিত হয়েছেন, আবার সম্মানিতও হয়েছেন।’

তিনি বলেন, তারেক রহমান দীর্ঘদিন নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে নির্বাসিত ছিলেন। দেশে ফিরে তিনি লাখো মানুষের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে আল্লাহর সাহায্য, মায়ের জন্য দোয়া এবং রাসুল (সা.)-এর আদর্শে দেশ ও মানুষের সেবা করার অঙ্গীকার করেছেন। বর্তমানে তিনি গ্রামে গ্রামে ঘুরে মানুষের কাছে পৌঁছাচ্ছেন, যেমনটি একসময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন।

এ্যানি চৌধুরী আরও বলেন, ‘১২ ফেব্রুয়ারি যদি আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দিই, তাহলে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন, ইনশাআল্লাহ।’ তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার পর এই নির্বাচনের সুযোগ এসেছে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে। এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জনগণ এবং জিয়া পরিবার।

১৯৭১ সালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজ নির্বাচনে অংশ নিচ্ছে। প্রেসিডেন্ট জিয়া তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কিন্তু তারা সেই ক্ষমার মর্যাদা রক্ষা করেনি বলে তিনি অভিযোগ করেন।

পথসভায় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া ও আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন এবং বিএনপি নেতা ইমতিয়াজ আনামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।