
ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ও ট্যাপেন্টাডল জব্দ
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে কোস্ট গার্ড বাংলাদেশ।
বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার চামুচা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অভিযানটি পরিচালনা করে। চামুচা বিওপি থেকে সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/১-এস এলাকার কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে একটি আমবাগানে অভিযান চালায়।
অভিযানে ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন, ৩ হাজার ৯৮০টি ইয়াবা ট্যাবলেট এবং ১৯ হাজার ৪৫০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তের ওই এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ও বিভিন্ন ভারতীয় পণ্য চোরাচালানের অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝেমধ্যে অভিযান চালালেও চোরাকারবারিরা কৌশল পাল্টে সক্রিয় থাকে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
