
নিজস্ব প্রতিবেদক : বৈরী আবহাওয়ার কারণে টানা চার দিন ধরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের প্রধান মাধ্যম ফেরি চলাচল বন্ধ রয়েছে। উত্তাল মেঘনা নদীতে দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় চেয়ারম্যান ঘাট ও হাতিয়ার নলচিরা ঘাটে আটকা পড়েছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় ট্রাকে থাকা কাঁচামাল পচে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।
ঘাট কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরে লঘুচাপের প্রভাবে নদী প্রচণ্ড উত্তাল রয়েছে। সেই সঙ্গে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় ঘাটের পন্টুন তলিয়ে গেছে, ফলে ফেরি ল্যান্ডিং করা বর্তমানে অসম্ভব হয়ে পড়েছে।
ভুক্তভোগী ট্রাকচালক আবদুল লতিফ বলেন, ‘চার দিন ধরে ট্রাকে আলু নিয়ে ঘাটে বসে আছি। ফেরি ছাড়ার কোনো আভাস নেই। গরমে আর বাতাসে ট্রাকে থাকা অর্ধেকের বেশি মাল পচে গেছে। লাখ লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে আমাদের।’
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে সীমিত আকারে সি-ট্রাক ও ট্রলার চলাচল করছে। এতে সাধারণ যাত্রীরা কোনোমতে পারাপার হতে পারলেও পণ্যবাহী যানবাহন নিয়ে চরম বিপাকে পড়েছেন চালক ও শ্রমিকেরা।
হাতিয়া উপকূলীয় নৌবন্দরের সহকারী পরিচালক মাসুম বিল্লাহ জানান, লঘুচাপের কারণে নদী উত্তাল থাকায় জানমালের নিরাপত্তার স্বার্থেই ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলেই অগ্রাধিকার ভিত্তিতে আটকে থাকা পণ্যবাহী যানবাহন পারাপারের ব্যবস্থা করা হবে।
