বেগমগঞ্জে ছয় মাসের শিশুর মৃত্যু, নার্সের অবহেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে—গুরুতর অসুস্থ অবস্থায় আনা হয়েছিল

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনজেকশন ও নার্সের অবহেলায় আরোহী নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ তুলেছেন স্বজনেরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আরোহী উপজেলার চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার জহির উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত আরোহীকে মঙ্গলবার সকালে তাঁর মা সালমা আক্তার হাসপাতালে নিয়ে আসেন। স্বজনদের দাবি, জরুরি বিভাগের এক নার্সের গাফিলতির কারণে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালে জড়ো হন। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শন করেন চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রাজ্জাক।

আবদুর রাজ্জাক বলেন, “শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। মঙ্গলবার সকালে সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। এর আগে বাড়িতে ৩–৪ দিন চিকিৎসা দেওয়া হয় এবং কয়েকটি ইনজেকশন পুশ করা হয়। যখন অবস্থার অবনতি হয়, তখন হাতে ক্যানোলা পরা অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।”

তিনি আরও বলেন, চিকিৎসক দেখার আগেই নার্স ক্যানোলা পরিষ্কার করতে গেলে শিশুটি মারা যায়। তবে স্বজনেরা মৌখিকভাবে অভিযোগ করেছেন, নার্সের গাফিলতির কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সালেহ আহমেদ সোহেল বলেন, “কিছুদিন আগে জ্বরের কারণে শিশু বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম শিশুটিকে চিকিৎসা দেন। তাঁকে একটি ইনজেকশন দিতে ও হাসপাতালে ভর্তি রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু স্বজনেরা ভর্তি না করে বাইরে ইনজেকশন দিয়ে বাড়িতে রাখেন।”

তিনি বলেন, “মঙ্গলবার যখন শিশুটিকে হাসপাতালে আনা হয়, তখন তার হাতে থাকা ক্যানোলা ব্লক পাওয়া যায়। ক্যানোলা পরিষ্কার করার সময় শিশুটি মারা যায়। পরিবারের অভিযোগ, ইনজেকশন দেওয়ার সময় মৃত্যু হয়েছে।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।