বটতলী ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১০ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। 

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এবারের নির্বাচনে ৯টি পদে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

৪৩২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।’

প্রধান দুটি পদে রয়েছে কড়া প্রতিদ্বন্দ্বিতা। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহাঙ্গীর আলম ও মো. সুমন। সাধারণ সম্পাদক পদে লড়ছেন মোস্তফা ভূঁইয়া ও এস এম আরাফাত জুয়েল।

নির্বাচন উপলক্ষে বটতলী বাজার ও আশপাশের এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সজ্জিত হয়েছে বাজার এলাকা। ভোটারদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। প্রার্থীদের সমর্থকরাও ভোটারদের কেন্দ্রে আনতে নানা প্রচারণা চালাচ্ছেন।

ভোটগ্রহণ শেষে আজ বিকেলেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা।