নোয়াখালীর হাতিয়াতে সয়েল টেস্টে মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ব্রিজ নির্মাণের জন্য সয়েল টেস্ট করার সময় মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজার সংলগ্ন খালের পাড়ে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে হেলফ প্রকল্পের আওতায় ৪৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণের কাজ পেয়েছেন ঠিকাদার সাইফুল ইসলাম শেখ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ব্রিজ নির্মাণের প্রস্তুতিতে ওই স্থানে ১১২ ফুট গভীর সয়েল টেস্ট সম্পন্ন করেন শ্রমিকরা।

পরদিন শুক্রবার বিকেলে হঠাৎ সেই স্থানের মাটির নিচ থেকে গ্যাস বের হতে শুরু করে। স্থানীয়রা আগুন ধরালে গ্যাস জ্বলে ওঠে এবং বিষয়টি দেখতে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান জানান, “এটি সত্যিকারের প্রাকৃতিক গ্যাস কি না তা পরীক্ষা করা উচিত।”

হাতিয়া উপজেলা প্রকৌশলী এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্যাস বের হওয়ার পর তা বন্ধ করে রাখা হয়েছে। এক থেকে দুই দিনের মধ্যে বিষয়টি বাপেক্সকে জানানো হবে।”

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আলাউদ্দিন বলেন, “এই ঘটনাটি শুনেছি, তবে এখনো ঘটনাস্থল পরিদর্শন করা হয়নি।”