
রংপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহত যোদ্ধাদের সুস্বাস্থ্য কামনায় রংপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রংপুর জেলা জুলাই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে আন্দোলনে আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি রংপুর বিভাগের সভাপতি ও জুলাই মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আনারুল ইসলাম জীবন খান। এছাড়া উপস্থিত ছিলেন শহীদ সাজ্জাদ হোসেনের মা ময়না, শহীদ মো. তাহির জামান প্রিয়’র মা কলি এবং শহীদ মিরাজুল ইসলাম মিরাজের স্ত্রী নাজমিনসহ শহীদ পরিবারের সদস্যরা।
এ সময় আন্দোলনে আহত কয়েকজন জুলাই যোদ্ধাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মো. মাহমুদুল হাসান মিয়া, মো. সাকিব হোসেন, মো. আমির হামজা, মো. ওমর ফারুক আকাশ, মো. রাকিবুল ইসলাম মিরাজ, মো. মিন্টু ইসলাম, মো. প্রিন্স আহমেদ পলাশ, মাহমুদুল হাসান, মো. মুরাদ হাসান, মো. সীমান্ত, মো. মোস্তাফিজুর রহমান এবং মো. মাহাদি হাসান।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। তাঁদের স্মৃতি সংরক্ষণ এবং আহত যোদ্ধাদের পাশে দাঁড়াতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
শেষে দেশ ও জাতির কল্যাণ, শহীদদের আত্মার মাগফেরাত এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
