নোয়াখালীতে ৫৪০ কৃষকের মাঝে সেচযন্ত্র ও কৃষি সরঞ্জাম বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলায় ৫৪০ জন সুবিধাভোগী কৃষকের মাঝে বিনামূল্যে সেচযন্ত্র, ক্যানভাস পাইপসহ বিভিন্ন কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান বলেন, কৃষি খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি কৃষিবান্ধব নীতি অনুসরণ করছে এবং কৃষকদের সহযোগিতায় সবসময় প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোশরেফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়ারা ইসলাম, এলজিইডির প্রকৌশলী আবুল মনছুর আহমেদ, জেলা কৃষক দলের সাবেক সভাপতি সলিমুল্লাহ বাহার হিরন, ভিপি জসিম এবং সদর উপজেলা কৃষক দলের সভাপতি হারুন-রশিদ।

অনুষ্ঠান শেষে সদর উপজেলার ছয়টি ইউনিয়নের নির্বাচিত ৫৪০ জন কৃষকের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

পরে একই দিন দুপুরে সংসদ সদস্য মো. শাহজাহান একটি পার্টনার কংগ্রেস কর্মসূচিতে অংশ নেন।