মাদক নির্মূলে জেলা প্রশাসকের কাছে ছাত্রদলের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

নাজমুল হোসেন : দেশব্যাপী মাদক নির্মূল এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষার দাবিতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা ছাত্রদল।

সম্প্রতি লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. মেহেদি হাসানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি।

স্মারকলিপিতে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর প্রশাসনিক নজরদারি, মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

ছাত্রদল নেতারা বলেন, মাদক শুধু ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি পরিবার ও সমাজের জন্যও বড় হুমকি। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে মাদকের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন বলে ছাত্রদল নেতারা জানান।

এ সময় জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।