
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটি ইসলামী দলের দায়িত্বশীল নেতা হয়েও ‘নো হাংকি পাংকি’ শব্দ ব্যবহার করা শোভন নয়। এমন ভাষা কোনো রাজনৈতিক দলের আদর্শিক বা গ্রহণযোগ্য ভাষা হতে পারে না।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের গোডাউন সড়কের বশিরভিলায় জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, ‘একটা ইসলামী দলের নায়েবে আমীর হিসেবে দায়িত্বশীল মানুষ কীভাবে “নো হাংকি পাংকি” বলেন? এটা কি রাজনৈতিক ভাষা? এটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। একজন ডাক্তার হয়েও এমন ভাষা ব্যবহার করা দুঃখজনক।’
বিএনপির এই নেতা বলেন, এবারের নির্বাচন ভিন্ন ও ব্যতিক্রমধর্মী। তাই দল গণসংযোগে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি দাবি করেন, বিগত ১৭ বছর ধরে বিএনপি মাঠে আছে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এ্যানি বলেন, ‘আমাদের মধ্যে এখন সুদৃঢ় ঐক্য দরকার। যদি এই ঐক্য না থাকে, তাহলে ফ্যাসিস্ট হাসিনা আবার সুযোগ নিতে পারে। পতিত ফ্যাসিস্টকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। সবাইকে সজাগ থাকতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম শাহিন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।
সভা পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল হাশেম। এতে শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।
