
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান শনিবার নারীদের নিয়ে উঠান বৈঠক করেছেন। ধর্মপাশা উপজেলার নোয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মাহবুবুর রহমান বলেন, “বিগত ১৭ বছরে নারীসহ সব শ্রেণি-পেশার মানুষই নির্যাতিত হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা ঘরে ঘরে লিফলেট পৌঁছে দিচ্ছি। নারীদের সচেতন করতে উঠান বৈঠকের আয়োজন করছি।”
তিনি আরও বলেন, “নারী সম্মানিত হলে সমাজ এগিয়ে যায়। হাওরের নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই আমাদের অগ্রাধিকার। আমরা সড়ক, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নেও কাজ করব।”
বৈঠকে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল হকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
