নামাজরত অবস্থায় স্কুল শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় তারাবির প্রথম দিনে নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইকরা পয়েন্ট ইসলামি একাডেমির প্রধান শিক্ষক মো. শরীফ হোসাইন।

গত শনিবার (১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে পৌর শহরের ১০নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়ি জামে মসজিদে নামাজরত দাঁড়িয়ে থাকা অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

পরে তাকে সেইফ হাসপাতালে নিয়ে গেলে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নাজমুল ইসলাম মৃত ঘোষণা করে বলেন, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

শরীফ রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা আরজান পাটোয়ারী বাড়ির মৃত সেলিম পাটোয়ারীর ছেলে। তিনি জেলা স্টেডিয়াম এলাকার ইকরা পয়েন্ট ইসলামি একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক।

তিনি স্ত্রী-সন্তানসহ স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মৃত শরীফের বড় ছেলে আহনাফ শাহরিয়ার বলেন, আব্বু সুস্থ ছিলেন। প্রতিদিনকার মতো তিনি মসজিদে নামাজ পড়তে যান। সেখানে তিনি তারাবিহ নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।

প্রাইভেট স্কুল এসোসিয়েশন (ওয়ামী) জেলা কমিটির সহ-সভাপতি রেজাউল করিম সুমন বলেন, নামাজ পড়া অবস্থায় শিক্ষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমি তাদের বাসায় গিয়েছি।