
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে সাবেক ছাত্রনেতা, সংগঠক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সারকে সভাপতি করা হয়েছে।
শিক্ষা বোর্ডের সূত্র জানায়, গত রোববার (২৬ এপ্রিল) জারি করা এক স্মারকে বিদ্যালয়টির (ইআইআইএন: ১০৫৭৬৭) এডহক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মো. সালাহ উদ্দিন। অভিভাবক প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মীর্জা জালাল উদ্দিন খান (বাদল)। এ ছাড়া জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত একজন করে সদস্য কমিটিতে যুক্ত থাকবেন।
শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, নতুন এডহক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত স্মারকের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।
বিদ্যালয় সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন সভাপতির নেতৃত্বে শিক্ষা ও প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আসবে।
