ধর্মপাশার সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা সাকিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিবেদক, ধর্মপাশা (সুনামগঞ্জ) | আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি সাকিবুর রহমান সাকিব। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক তৎপরতার কারণে তিনি ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।

সাকিবুর রহমান সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের বাসিন্দা মো. ফরুজ আলীর সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে যুক্ত। বিগত রাজনৈতিক প্রেক্ষাপটে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে তিনি বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন। শত প্রতিকূলতা সত্ত্বেও দলীয় আদর্শে অবিচল থাকার বিষয়টি দলীয় নেতাকর্মীদের কাছে তাকে পরিচিত করে তুলেছে।

রাজনৈতিক পরিচিতির পাশাপাশি সাকিবুর রহমান স্থানীয়দের কাছে একজন মানবিক মানুষ হিসেবেও পরিচিত। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সামাজিক উন্নয়নমূলক কাজে তার সম্পৃক্ততা স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দীর্ঘদিন ধরে কাজ করায় এলাকার তরুণ ও সাধারণ মানুষের কাছে সাকিবুর রহমান বেশ জনপ্রিয়। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তার অঙ্গীকারকে গুরুত্ব দিচ্ছেন অনেকে।

এ বিষয়ে সাকিবুর রহমান সাকিব বলেন, ‘আমি রাজনীতির মূল লক্ষ্য হিসেবে মানুষের সেবাকেই প্রাধান্য দিই। আজীবন সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও থাকব। ভোটাররা সুযোগ দিলে সেলবরষ ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।’

তিনি আরও বলেন, ‘কৃষক, শ্রমিক, যুবসমাজ ও সমাজের প্রতিটি স্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি নিজেকে উৎসর্গ করতে চাই।’

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সাকিবুর রহমানের মত প্রতিশ্রুতিশীল নতুন মুখদের নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে প্রত্যাশা বাড়ছে, যা ইউনিয়নের আগামী দিনের রাজনৈতিক সমীকরণকে বেশ আগ্রহের কেন্দ্রে নিয়ে এসেছে।