
সোহেল রানা বাবু : বাংলাদেশের উন্নয়নের প্রধান হাতিয়ার দক্ষ জনশক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন হলো—”আমাকে একটি দক্ষ জাতি দিন, আমরা উন্নত বাংলাদেশ গড়ে তুলব।” দেশের সামগ্রিক উন্নয়ন তখনই সাধিত হবে, যখন আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারব।
শনিবার (১৮ জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলার সোনাতলায় ‘স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কিল-আইটি)’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে।
সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার আরও বলেন, তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তোলার মাধ্যমে বেকারত্ব দূর করতে হবে। আর সেই দক্ষতা অর্জনের সারথী হিসেবে কাজ করছে লতিফ মাস্টার ফাউন্ডেশন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।
লতিফ মাস্টার ফাউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলাম জগলু তার বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে যুগোপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির অন্যতম প্রধান লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
