
নিজস্ব প্রতিবেদক : “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী। আধুনিক প্রযুক্তিনির্ভর সমাজ বিনির্মাণ এবং তরুণ প্রজন্মের মেধা বিকাশের লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ছড়িয়েছে।
শুক্রবার (১২ জুন) কলারোয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)’ ও ‘SEDP’ প্রকল্পের যৌথ আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এই মেলা আয়োজিত হয়।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট এবং নতুন নতুন স্টার্টআপ আইডিয়া তুলে ধরেন। ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি প্রজেক্টগুলো দেখতে দিনভর ভিড় জমান স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও উৎসুক দর্শনার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। তিনি বলেন, “বর্তমান যুগ প্রযুক্তির। তরুণ শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা তৈরি করতে পারলে ভবিষ্যতে আমরা একটি স্মার্ট ও উদ্ভাবনী বাংলাদেশ পাব। শিক্ষার্থীদের এমন সৃজনশীল উদ্যোগ আমাদের আশাবাদী করে তোলে।”
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যাপক আব্দুল আলীম, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিএনপি, কলারোয়া শাখার মুখপাত্র মো. রইছ উদ্দিন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলারোয়া উপজেলা আমির মুহা. কামরুজ্জামান।
বক্তারা বলেন, পাঠ্যবইয়ের বাইরেও বাস্তব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ শেখার জন্য এই ধরনের প্রদর্শনীর গুরুত্ব অপরিসীম। তরুণদের এই মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলে দেশ আরও সমৃদ্ধ হবে।
দিনব্যাপী চলা এই প্রদর্শনীতে নতুন প্রজন্মের উদ্ভাবনী ভাবনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এক মিলনমেলায় পরিণত করে। আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে।
