
নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ
পিরোজপুর সংবাদ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ আসনে (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) দীর্ঘ ২৯ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিজস্ব দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে। এতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
এর আগে ১২ দলীয় জোটের পক্ষ থেকে সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নাম ঘোষণা করা হলেও চূড়ান্তভাবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত মনোনয়নপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
মনোনয়ন ঘোষণার পরপরই পিরোজপুরের বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা আনন্দঘন পরিবেশে একে অপরকে মিষ্টি বিতরণ এবং আনন্দের বহর প্রকাশ করেছেন। দীর্ঘ ২৯ বছর জোটের প্রার্থী দেওয়ার কারণে বিরাজমান হতাশা ও বঞ্চনার অনুভূতি এবার অনেকটাই দূর হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, “দলীয় প্রার্থী দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”
জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, “১৯৯৬ সালের পর বহুদিনের সংগ্রামের পর এবার আমাদের মধ্য থেকেই প্রার্থী এসেছে। নেতাকর্মীরা দারুণভাবে উজ্জীবিত।”
প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বেকার সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। তিনি আরও বলেন, “২৯ বছর পর ধানের শীষের মানুষ আবার ধানের শীষ ফিরে পেয়েছে। যারা ত্যাগ করেছেন, তাদের সংগ্রামের বিজয় এই মনোনয়ন।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন পর নিজস্ব প্রার্থী পাওয়ায় পিরোজপুর-১ আসনে বিএনপির রাজনীতিতে নতুন গতি ও সম্ভাবনার সূচনা হয়েছে।
