
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে সাতক্ষীরায় খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা ও খাদ্য নিরাপত্তা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)-এর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব।
মুখ্য উপস্থাপক হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের কনসালটেন্ট মুস্তাক হাসান মুহাঃ ইফতেখার। স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত।
সভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. ইসমত জাহান সুমনা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক প্রভাষক ওমর ফারুক, প্রেসক্লাব সভাপতি জি এম মনিরুল ইসলাম, বাসস জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, শহর আমীর খোরশেদ আলম এবং অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, খোলা ড্রামজাত ভোজ্যতেলে কেমিক্যাল মিশ্রণের ঝুঁকি থাকে, যা শরীরে ক্ষতিকর কোলেস্টেরল বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে। তাই প্যাকেটজাত ও মানসম্মত ভোজ্যতেল ব্যবহারে জনগণকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
তারা আরও বলেন, বাজারে খোলা লবণের ব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরি, কারণ এসব লবণে আয়োডিনের ঘাটতি থাকায় উচ্চ রক্তচাপসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। প্যাকেটজাত ও মানসম্মত লবণ ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান বক্তারা।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রোগ্রাম অফিসার ডা. আলিভা হক।
