
নিজস্ব প্রতিবেদক : ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি পূরণ না হলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু।
গতকাল মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
অধিবেশনে দেওয়া বক্তব্যে এমপি রানু বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে ফেনী দেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। এই জেলার মানুষের দীর্ঘদিনের প্রধান ও প্রাণদাবী হচ্ছে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা।
সংরক্ষিত আসনের এই সংসদ সদস্য তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ২৫ জানুয়ারি ফেনী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে তারা সংসদের ভেতরে ও বাইরে জোরালো আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তিনি।
বক্তব্যের একপর্যায়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ কোনো কিছু গড়ে তুলতে জানে না, তারা শুধু ধ্বংস করতে জানে। কিন্তু বিএনপি উন্নয়ন ও প্রতিষ্ঠান গঠনে বিশ্বাস করে।”
তিনি আরও দাবি করেন, অতীতে ফেনীতে একটি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেটি টিকতে দেওয়া হয়নি।
“আমাদের চারজন এমপির দাবি এবং ফেনীর গণমানুষের দাবি—ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা সংসদে এ বিষয়ে কথা বলে যাব। প্রয়োজন হলে সংসদের দক্ষিণ প্লাজায় ফেনীর চারজন এমপি একসঙ্গে আমরণ অনশন কর্মসূচি পালন করব।”
সংসদ সদস্য রানু জানান, ফেনী জেলা থেকে চারজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে এসেছেন এবং একই সঙ্গে জেলা থেকে একজন যোগ্য মন্ত্রীও রয়েছেন। ফলে জেলার উন্নয়ন ও জনমানুষের দীর্ঘদিনের এই দাবি পূরণে তারা সবাই ঐক্যবদ্ধ।
বক্তব্যের শেষ পর্যায়ে ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়টি অত্যন্ত জরুরি ও জনগুরুত্বপূর্ণ উল্লেখ করে এ বিষয়ে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর সুনির্দিষ্ট দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
