সাতক্ষীরার ৪ আসনের সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ মাস আগে

সিরাজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি : তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংগঠনিক শৃঙ্খলা জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর অংশ হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে নিজ এলাকা লক্ষ্মীপুরের পাশাপাশি সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের অতিরিক্ত সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সাতক্ষীরা-১, সাতক্ষীরা-২, সাতক্ষীরা-৩ এবং সাতক্ষীরা-৪ আসনের সাংগঠনিক কার্যক্রম ও দলীয় বিষয়গুলো তদারকির দায়িত্ব পালন করবেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার আসনগুলোতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, সমন্বয়হীনতা ও নানা সাংগঠনিক চ্যালেঞ্জের সৃষ্টি হয়। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং দলীয় শৃঙ্খলা পুনর্গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্ব একজন পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেত্রীর ওপর আস্থা রেখেছে। প্রয়াত স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইনকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূল পর্যায়ে কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠার বার্তাও দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বীথিকা বিনতে হোসাইন দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। মাঠপর্যায়ের কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ এবং সাংগঠনিক দক্ষতার কারণে দলের মধ্যে তিনি বেশ পরিচিত মুখ। রাজনীতির পাশাপাশি তিনি ‘অর্পণ আলোক’ নামে একটি মানবিক ও জনকল্যাণমূলক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে অসহায় ও নির্যাতিত দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে ইতিবাচক ভূমিকা রাখছেন।

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) এলাকার বাসিন্দা হলেও রাজনৈতিক দূরদর্শিতার কারণে সাতক্ষীরার মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব তাঁর ওপর অর্পণ করেছে দলের হাইকমান্ড।

দলীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে বীথিকা বিনতে হোসাইনকে বেশ কিছু সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— স্থানীয় পর্যায়ের অভ্যন্তরীণ বিরোধ নিরসন, তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম তদারকি, জনগণের কাছে দলের ‘৩১ দফা’ রাষ্ট্র সংস্কার কর্মসূচি পৌঁছে দেওয়া এবং আন্দোলন-সংগ্রামে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো।

গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বীথিকা বিনতে হোসাইন বলেন, “এটি কোনো ব্যক্তিগত পদ বা অর্জন নয়; বরং দলের আদর্শ এবং ত্যাগী নেতাকর্মীদের প্রতি আমাদের নেতৃত্বের আস্থার প্রতিফলন। দলের নীতি ও জনগণের স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস না করে সবাইকে সাথে নিয়ে সাতক্ষীরায় বিএনপিকে আরও শক্তিশালী করাই হবে আমার মূল লক্ষ্য।”