ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ৪৬ জন প্রার্থীর মধ্যে ১৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাদের তত্ত্বাবধানে কার্যক্রমটি সম্পন্ন হয়।

বাতিল হওয়া মনোনয়নপত্রের মধ্যে চাঁদপুর-১ আসনে গণফোরামের মো. আজাদ হোসেন, জাতীয় পার্টির হাবিব খান ও গণঅধিকার পরিষদের মো. এনায়েত হোসেনের রয়েছে। তাদের হলফনামায় স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

চাঁদপুর-২ আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল এবং একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বাতিল প্রার্থীরা হলেন— বাংলাদেশ লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার, স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মানসুর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল মবিন ও আমার বাংলাদেশ পার্টির রাশিদা আক্তার। মনোনয়নপত্র প্রত্যাহার করেন স্বতন্ত্র প্রার্থী মো. আবদুস শুক্কুর পাটোয়ারী।

চাঁদপুর-৩ আসনে গণফোরামের সেলিম আকবরের হলফনামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়। চাঁদপুর-৪ আসনে ১০ প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মো. আব্দুল মালেক ঋণখেলাপি হওয়ায়, স্বতন্ত্র প্রার্থী মো. আব্বাস উদ্দিন ও জাকির হোসেন এক শতাংশ ভোটার সমর্থনপত্র না জমা দেওয়ায় এবং স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হোসেন একই কারণে বাতিল হয়।

চাঁদপুর-৫ আসনে ৮ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেনের এক শতাংশ ভোটার সমর্থনপত্র না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।