দুষ্টু রাজনীতিবিদের কবল থেকে দেশকে বাঁচাতে হবে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: দুষ্টু ও অসাধু রাজনীতিবিদদের কবল থেকে দেশকে রক্ষা করতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

শনিবার মোবাইল কনফারেন্সের মাধ্যমে রংপুরের বদরগঞ্জে অনুষ্ঠিত জাকের পার্টির সভায় তিনি এ আহ্বান জানান। বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর–২ আসনে জাকের পার্টির মনোনয়নপ্রত্যাশী আশরাফ উজ জামানের সভায় দলীয় নেতা-কর্মী ও স্থানীয় জনতার উদ্দেশে তিনি বক্তব্য দেন।

মোস্তফা আমীর ফয়সল বলেন, “যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, যারা রাষ্ট্র পরিচালনার নামে জনগণের সঙ্গে বেইমানি করেছে, তাদের ভোট দেওয়া যাবে না।” 

তিনি আরও বলেন, “গরিব মানুষ আজও গরিব থেকে গেছে, কারণ অসাধু রাজনীতিকেরা গরিবের রক্ত খেয়ে বড় হয়েছে। এমন নেতাদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে।”

তিনি অভিযোগ করেন, বর্তমানে দেশের রাজনীতিতে “ঘৃণার রাজনীতি” চলছে, যা বাংলাদেশকে “ধুঁকে ধুঁকে মরার ইতিহাসের দিকে” ঠেলে দিচ্ছে। তার মতে, অযোগ্য নেতৃত্বের কারণেই দেশ বারবার পিছিয়ে যাচ্ছে।

জাকের পার্টির চেয়ারম্যান বলেন, দেশের এই সংকটাপন্ন পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তিনি যোগ করেন, “সকল ঐক্য ঠিক রেখে সবাইকে একসঙ্গে এগোতে হবে।”

মোস্তফা আমীর ফয়সল জানান, জাকের পার্টির ২১ লাখ নেতা-কর্মী ও প্রায় ৩ কোটি ভোটার রয়েছে, যারা শিক্ষা ও স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। তিনি বলেন, “দুষ্ট প্রকৃতির লোক নিয়ে কখনো ক্ষমতায় যাওয়া যায় না। যোগ্য নেতৃত্ব বাছাই করলেই জাতি এগোবে।”

তিনি আরও অভিযোগ করেন, “কিছু অসাধু রাজনৈতিক নেতা গাজার মতো বাংলাদেশকেও ধ্বংস করার ষড়যন্ত্র করছে।” এ পরিস্থিতিতে তিনি জনগণকে সচেতন থাকার এবং খারাপ রাজনীতিবিদদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

শেষে তিনি জাকের পার্টির নেতা-কর্মীদের আহ্বান জানান, গোলাপ ফুল প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, মোস্তফা আমীর ফয়সলের এই বক্তব্যের মাধ্যমে জাকের পার্টি দুর্নীতি, বেইমানি ও বিদেশি ষড়যন্ত্রবিরোধী অবস্থানকে সামনে রেখে আসন্ন নির্বাচনে নিজেদের জনসমর্থন বাড়ানোর কৌশল নিয়েছে।