তালা লাগিয়ে ঘরে আগুন, দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

লক্ষ্মীপুর প্রতিনিধি
: লক্ষ্মীপুর সদর উপজেলায় এক বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিলে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বিএনপি নেতা ও তাঁর দুই মেয়ে গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।

শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আয়েশা বেগম (৭)। তিনি বিএনপি নেতা বেলাল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। শুক্রবার রাতে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই আয়েশার মৃত্যু হয়। গুরুতর দগ্ধ অবস্থায় বেলাল হোসেন এবং তাঁর দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বিথি ও স্মৃতিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

অগ্নিকাণ্ডে বাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, এটি একটি পরিকল্পিত হামলা। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিৎ কুমার দাস বলেন, আগুনে এক শিশুর মৃত্যু হয়েছে এবং তিনজন দগ্ধ হয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগানোর পেছনে নাশকতার কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।