
সুজন শেখ : ঠাকুরগাঁও সদর উপজেলার ইসলাম প্লাজার নিচতলা থেকে চুরি হওয়া একটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক চোরকে আটক করা হলেও মূল অভিযুক্ত পলাতক রয়েছে।
মোটর সাইকেলের মালিক নুর নবী ইসলাম জানান, গত ১২ জুলাই সকালে তিনি তার বাজাজ পালসার মোটর সাইকেলটি ইসলাম প্লাজার নিচতলার পার্কিংয়ে রেখে দোকানে যান। রাত ৮টায় ফিরে এসে দেখতে পান সেটি চুরি হয়েছে।
এজাহার দায়েরের পর সদর থানা পুলিশের এসআই ইমদাদুর রহমান ও এএসআই সারোয়ার জাহান অভিযান চালিয়ে বীরগঞ্জের দেউলীরথ বাজার থেকে গাড়িটি উদ্ধার করেন এবং এক চোরকে আটক করেন।
তবে কুখ্যাত চোর ও মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন (পিতা: শহীদ মেম্বার) এখনো পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, তাকে ধরতে অভিযান অব্যাহত আছে।
