জুড়ীতে বসতঘর থেকে মা ও চার বছরের ছেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

মো. জাকির হোসেন, নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিজ বসতঘর থেকে এক গৃহবধূ ও তাঁর চার বছর বয়সী ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ মরিয়ম আক্তার (২৫) ওই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী কুতুব উদ্দিনের স্ত্রী। নিহত শিশুটি তাঁদের চার বছর বয়সী ছেলে আয়ান মোহাম্মদ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুতুব উদ্দিন স্থানীয় সমাই বাজারে একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকান পরিচালনা করেন। প্রায় চার বছর আগে মরিয়ম আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁরা একটি টিনশেড আধাপাকা ঘরে বসবাস করতেন। আশপাশে কুতুব উদ্দিনের পরিবারের অন্যান্য সদস্যদের ঘর রয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাশের ঘরের লোকজন মরিয়মকে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে মা ও ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সে সময় কুতুব উদ্দিন দোকানে ছিলেন বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে রাত আটটার দিকে জুড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মা ও ছেলের লাশ উদ্ধার করে। তবে ঘটনাস্থলে মরিয়মের স্বামী কুতুব উদ্দিনকে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন আজ সোমবার সকালে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মা ও শিশুর শরীরে ফাঁসের দাগ ছাড়া অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের জেরেও এমন ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মা ও ছেলের লাশ মৌলভীবাজার জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।