জামায়াত নেতা হত্যা মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায়  পূর্ব শত্রুতার জের ধরে জামায়াত নেতা কাউছার আহমেদকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগের মামলায় বাবুল (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

বাবুল মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি। বাবুল সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের আদিলপুর গ্রামের বাসিন্দা।

সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন। 

অন্য দিকে কাউছার হত্যার ঘটনায় জাতীয় ইমাম সমিতির সহসভাপতি মাওলানা হাবিব আহমেদ শিহাব, যুগ্ম-মহাসচিব মাওলানা মহিউদ্দিন, এহসান উদ্দিন ও জেলা কমিটির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনসহ একটি টিম অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হকের সঙ্গে মতবিনিময় সভা করেন। 

এ সময় সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ উপস্থিত ছিলেন। 

পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় তারা হত্যার ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

পরবর্তী তারা কাউছারের বাড়িতে গিয়ে পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা কাউছারের কবর জিয়ারত করেন।

সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, “মামলার ৮ নম্বর আসামি বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

প্রসঙ্গত, নিহত কাউসার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ছিলেন।