চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে দুই বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি : শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে। অভিযানটি মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাঘববাটি এলাকায় পরিচালিত হয়।

৫৩ ব্যাটালিয়নের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সেই সময় সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া পলিথিন মোড়ানো ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি।

বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া অভিযানের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে। বিজিবি সীমান্তে অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।