চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

র‌্যালি, মেলা ও সেমিনারে অংশ নেন বিচারক, আইনজীবী ও প্রশাসনের কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : চাঁদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

র‌্যালির উদ্বোধন করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার। র‌্যালিটি জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চক্ষু হাসপাতাল মোড় ঘুরে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ সামছুন্নাহার।

পরে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ সামছুন্নাহার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উজালা রানী চাকমা, জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আমিরুল ইসলাম এবং জেলা লিগ্যাল এইড অফিসার মো. আব্দুল আলীম।

এছাড়া বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কুহিনুর রশিদ, বিশেষ পিপি অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা, জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রীপন এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

আইনগত সহায়তা পাওয়া উপকারভোগীদের পক্ষ থেকে মাহমুদা ও ইয়াসমিন বেগম তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন অ্যাডভোকেট রেহানা ইয়াসমিন কচি ও অ্যাডভোকেট নুরুল হক কমল।

বক্তারা বলেন, দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন। এতে ন্যায়বিচার প্রাপ্তি সহজ হবে বলে তারা মত দেন।