
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। জেলার পাঁচটি উপজেলার ৫ লাখ ৪০ হাজার গ্রাহকের জন্য দৈনিক বিদ্যুৎ চাহিদা ১১০ মেগাওয়াট। লোডশেডিং এর কারণে জনজীবনে ব্যাপক বিঘ্ন সৃষ্টি করছে ।
আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে লক্ষ্মীপুর প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সভাপতি রাজু হাসান, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন, সহ-সভাপতি নুরুল হুদা, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক মামুন হোসেন, সদস্য রহমত উল্লাহ এবং আধুনিক হাসপাতালের ডিএমডি শহিদুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুৎ সরবরাহের এই পরিস্থিতি চলতে থাকলে পিডিবি কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। তারা অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন বলেন, নোয়াখালীর চৌমুহনী গ্রীড থেকে লক্ষ্মীপুরে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়। সেখানে লোডশেডিং দিলে রামগঞ্জ গ্রীড থেকে ৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ দেয়। লক্ষ্মীপুরে দিনে প্রায় ১৪ মেগাওয়াট ও রাতে নুন্যতম ২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু আমরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাই না। এজন্য লোডশেডিং বেশি হচ্ছে।
