পিরোজপুরে জামায়াতের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

হাসান মামুন : পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকাল ৮ টার দিকে পৌর জামায়াতের ব্যবস্থাপনায় পিরোজপুর–নামাজপুর–ইন্দুরকানী সড়কের বলেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ভাঙাচোরা অবস্থায় থাকা সড়কাংশ মেরামত করা হয়।

জামায়াতে ইসলামীর ঘোষিত চার দফা কর্মসূচির অংশ হিসেবে সমাজ সংস্কার কার্যক্রমের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের অবহেলার কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল, ফলে এ পথে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছিল।

সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক, পৌর জামায়াতের আমির ইসহাক আলী খানসহ অন্যান্য নেতাকর্মীরা। নেতৃবৃন্দ জানান, জনগণের দুর্ভোগ লাঘব ও সমাজ উন্নয়নে জামায়াতের সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।