চাঁদপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ ‘ভোট দেওয়া সাংবিধানিক অধিকার, ভয় পাওয়ার কিছু নেই’

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাইমচর উপজেলায় গণসংযোগ ও পথসভা করেছেন চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এবং ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে হাইমচর উপজেলার নয়ানী, কাঁটাখালী, আলগী ও চরভৈরভী এলাকার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

পথসভায় বক্তব্যে অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি সবাই যেন সকালেই ভোটকেন্দ্রে যান। কারও হুমকি বা ভয়ভীতিতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ভোট দেওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের শিকার। দাঁড়িপাল্লা প্রতীক ন্যায় ও সততার প্রতীক। জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা রাখার চেষ্টা করব।’

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুস শুক্কুর মোস্তান, জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সেক্রেটারি মো. জসিম উদ্দিন বাহার, সহ-সেক্রেটারি মাওলানা আবু জাফর সাদিক, উত্তর আলগী ইউনিয়ন আমীর ওমর ফারুকসহ দলটির স্থানীয় নেতারা।

এ ছাড়া দক্ষিণ আলগী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, হাইমচর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আজমির হোসেন তারেক এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণের উপস্থিতি চোখে পড়ে। কয়েকজন ভোটার জানান, তাঁরা পরিবর্তনের প্রত্যাশায় প্রার্থীর বক্তব্য শুনেছেন।