
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মো. মোশারফ হোসেন। তাঁর সঙ্গে যাচ্ছেন স্ত্রী ও জেলা মহিলা দলের সহ-সভাপতি নাইমা মোশারফ।
তিনি আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দেবেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি হজ যাত্রা সফল ও নিরাপদ হওয়ার জন্য চাঁদপুরবাসীর কাছে দোয়া কামনা করেন।
মোশারফ হোসেন বলেন, “আমি দীর্ঘ ৩৮ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। পাশাপাশি সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছি। প্রায় ৩৫ বছর ধরে ব্যবসার সঙ্গেও জড়িত।”
তিনি আরও বলেন, “আমার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে কারও মনে কষ্ট দিয়ে থাকলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ যেন আমাদের হজ কবুল করেন, সে জন্য দোয়া চাই।”
চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস মোশারফ হোসেন বলেন, জীবনের শেষ সময় পর্যন্ত তিনি চাঁদপুরবাসীর কল্যাণে কাজ করে যেতে চান। তাঁর একমাত্র সন্তান মারজুক মুঈদ ঐশ্বর্য ইতোমধ্যে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, “আমাদের পরিবারের একটি স্লোগান হলো— ‘এক শহর, এক স্বপ্ন’। আমরা চাঁদপুরের মানুষকে নিয়েই বাঁচতে চাই।”
পারিবারিক সূত্রে জানা গেছে, মোশারফ হোসেন সস্ত্রীক হজ পালন শেষে ঈদুল আজহার এক সপ্তাহ পর দেশে ফেরার কথা রয়েছে।
