
নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভেঙে নতুন ‘চন্দ্রগঞ্জ উপজেলা’ ঘোষণার খবরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নতুন উপজেলা ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পানিসম্পদমন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে অভিনন্দন জানানো হয়।
বুধবার দুপুরে চন্দ্রগঞ্জ বাজারে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
মিছিলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। পরে সমাবেশে বক্তব্য দেন শিক্ষক ও স্থানীয়রা।
বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে চন্দ্রগঞ্জকে উপজেলা করার দাবি জানিয়ে আন্দোলন-সংগ্রাম চলছিল। অবশেষে চন্দ্রগঞ্জকে উপজেলা হিসেবে ঘোষণা করায় এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এতে সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।
তারা এ সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে দ্রুত নতুন উপজেলার প্রশাসনিক অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
এর আগে ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে চন্দ্রগঞ্জসহ নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ ছাড়া বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে মোকামতলা, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে মাতামুহুরী এবং ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া ও ভুল্লী উপজেলা গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়।
