
নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ উন্নয়নের লক্ষ্যে হোসেন্দী খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটে থাকায় বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে কৃষিজমির ক্ষতি হওয়ার পাশাপাশি মাছ চাষেও নেতিবাচক প্রভাব পড়ত। খাল পুনঃখনন হলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে বলে আশা করছেন তাঁরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সারাদেশে খাল পুনঃখনন ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নদী-খাল রক্ষা এবং জলাবদ্ধতা নিরসনে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, হোসেন্দী খাল পুনঃখননের মাধ্যমে এলাকার কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। পর্যায়ক্রমে উপজেলার আরও বিভিন্ন এলাকায় এ ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে খালটি পুনঃখনন করা হচ্ছে। প্রকল্পের আওতায় প্রায় ২ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন করা হবে। ২০২৫-২৬ অর্থবছরের এ প্রকল্পে প্রায় ৪৯ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পুনঃখনন কাজ শেষ হলে জলাবদ্ধতা কমবে, সেচ সুবিধা বাড়বে এবং কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। একই সঙ্গে স্থানীয় মানুষের চলাচল ও পরিবেশেরও উন্নতি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
