কৃষি উন্নয়নে অংশীদারত্ব জোরদারে রায়পুরায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

মো. তৌফিকুল হক, রায়পুরা (নরসিংদী) : কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে নরসিংদীর রায়পুরায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস (পিএফএস) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিশ্বব্যাংক (World Bank) ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (IFAD) সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

“কৃষি উন্নয়নে গড়ব দেশ, স্বনির্ভর হবে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত উপস্থিত হতে পারেননি।

কর্মশালায় উপজেলার ২৪টি ইউনিয়ন থেকে প্রায় ৭০ জন পার্টনার ফিল্ড স্কুলের কৃষক অংশ নেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং কৃষিজমি সংকুচিত হওয়ার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও বিজ্ঞানভিত্তিক কৃষি চর্চার বিকল্প নেই। পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা নিজ নিজ এলাকায় প্রযুক্তি ছড়িয়ে দিতে পারেন।

বিশেষ অতিথি ছিলেন নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ইমতিয়াজ আলম। তিনি বলেন, কৃষকদের সংগঠিত করে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। এতে কৃষকের আয় বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

এ ছাড়া বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা হযরত আলী ভূঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবং উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল কাদের মিয়া।

কৃষকদের পক্ষে অভিজ্ঞতা তুলে ধরেন আলফাস মিয়া ও তাইজুদ্দিন। তারা বলেন, পার্টনার ফিল্ড স্কুলের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি, রোগবালাই দমন এবং সাশ্রয়ী উৎপাদন পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেছেন, যা মাঠপর্যায়ে কাজে লাগাতে পারছেন।

আলোচনা শেষে বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কৃষি খাতকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করা প্রয়োজন। এ ক্ষেত্রে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও সরকারি সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।