
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় টাইফয়েড রোগ প্রতিরোধে টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘সবার জন্য টিকা, সবার স্বাস্থ্য সুরক্ষা’ স্লোগান নিয়ে আজ রোববার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রওশান আরা, জেলা শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মেহেদী হাসান, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মিয়ারাজ হোসেন প্রমুখ।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সাতক্ষীরায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী (নবম শ্রেণি পর্যন্ত) মোট ৫ লাখ ৬ হাজার ৭৫৮ জন শিশুকে এই টিকা দেওয়া হবে। এর মধ্যে ৩ লাখ ৪০ হাজার ৭৫০ জন স্কুলশিক্ষার্থী এবং ১ লাখ ৬৬ হাজার ৮ জন কমিউনিটি পর্যায়ের শিশু।
টিকাদান কার্যক্রম দুটি পর্যায়ে পরিচালিত হবে:
প্রথম ধাপ (১৩–৩০ অক্টোবর): শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে।
দ্বিতীয় ধাপ (১–১৩ নভেম্বর): কমিউনিটি পর্যায়ে—গ্রাম ও শহরের নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সঠিক সময়ে টিকা গ্রহণ করলে এই রোগ থেকে শিশুদের নিরাপদ রাখা সম্ভব। সরকার এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে, তাই অভিভাবকদের সচেতন হতে হবে।’
সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, ‘এটি একটি সময়োপযোগী উদ্যোগ। আমরা প্রত্যেক শিশুকে টিকা দেওয়ার জন্য প্রস্তুত। মা–বাবা এবং স্কুল কর্তৃপক্ষের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাশেদ উদ্দিন মৃধা জানান, ‘টাইফয়েড প্রতিরোধে টিসিভি একটি কার্যকর ও নিরাপদ ভ্যাকসিন। বাংলাদেশ এই কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করছে।’
