
কুষ্টিয়ার মিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
গতকাল রোববার বেলা ১২টার দিকে এ ঘটনায় স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর দেওয়া হলে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গণপিটুনির শিকার ছবির শেখের (৪৫) বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ ছিল। ধর্ষণ মামলায় তিনি দীর্ঘদিন জেলও খেটেছেন। ছবির মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার খবির শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পাঁচ বছরের দুই শিশু বাড়ির পাশে নদীতে কচুরিপানা নিয়ে খেলছিল। এ সুযোগে ছবির শেখ এক শিশুকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছবিরকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে ছবিরকে আটক করে নিয়ে যায়।
ওসি মমিনুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
