রামগতিতে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

শ্বশুরবাড়ির বিরোধ ও শর্ত নিয়ে মানসিক চাপের অভিযোগ

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পারিবারিক কলহের জেরে মোহাম্মদ আনোয়ার হোসেন (২৩) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) ভোর রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুফিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার ওই এলাকার জবিউল ডাক্তারের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের মেয়ে ইয়াসমিন আক্তারের সঙ্গে আনোয়ারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল।

অভিযোগ রয়েছে, সম্প্রতি স্ত্রী ইয়াসমিন স্বামীর কাছে সংসার চালিয়ে যাওয়ার জন্য একাধিক শর্ত দেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এসব শর্তের মধ্যে ছিল—স্বামীর মা-বোনের সঙ্গে যোগাযোগ সীমিত রাখা, স্ত্রীকে শারীরিকভাবে আঘাত না করা, স্বর্ণালংকার বুঝিয়ে দেওয়া, দেনমোহরের পরিবর্তে ২০ শতাংশ জমি স্ত্রীর নামে লিখে দেওয়া, ব্যক্তিগত বিষয়ে কোনো অভিযোগ না তোলা, বাবার বাড়ি থেকে কিছু আনার জন্য চাপ না দেওয়া, ননদ ও তাদের স্বামীদের হস্তক্ষেপ বন্ধ রাখা এবং তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া।

পরিবার ও স্থানীয়দের দাবি, এসব শর্ত মেনে নিতে না পেরে আনোয়ার মানসিকভাবে চাপে ছিলেন।

জানা যায়, সোমবার (৪ মে) তিনি শ্বশুর আব্দুল মান্নানের কাছে বিষয়টি নিয়ে বিচার চাইতে যান। তবে সেখানে তিনি অপমানিত হয়ে ফিরে আসেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে দাবি স্থানীয়দের।

পরে বুধবার ভোর রাতে নিজ এলাকায় তার আত্মহত্যার ঘটনা ঘটে বলে জানা যায়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।