
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল ঝড় ও দমকা হাওয়ায় জেলার বিভিন্ন উপজেলার ঘরবাড়ি, গাছপালা ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়-সংশ্লিষ্ট পৃথক ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড় অল্প সময়ের মধ্যে তীব্র আকার ধারণ করে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় রামগতি ও কমলনগর উপজেলা।
রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সবুজ গ্রামের সিকদারপাড়া জামে মসজিদটি ঝড়ে প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। স্থানীয়রা জানান, গভীর রাতে ঝড় শুরু হলেও অনেকেই এর তীব্রতা বুঝতে পারেননি।
সেহরির পর ফজরের নামাজ আদায় করতে এসে মুসল্লিরা মসজিদের ভয়াবহ ক্ষয়ক্ষতি দেখতে পান। মসজিদটির ছাদ ও দেয়ালের বড় অংশ ভেঙে পড়ে।
মসজিদ কমিটির সেক্রেটারি বলেন, “এভাবে মসজিদ ভেঙে পড়বে, তা কখনো কল্পনা করিনি। দ্রুত পুনর্নির্মাণে সবার সহযোগিতা প্রয়োজন।”
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি ক্ষতিগ্রস্ত মসজিদ পুনর্নির্মাণে সহায়তার আশ্বাস দেন।
ঝড়ের সময় লক্ষ্মীপুর সদর উপজেলায় ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। সদর উপজেলার ভবানীগঞ্জ কলেজের সামনে লক্ষ্মীপুর–রামগতি সড়কে ঝড়ে উপড়ে পড়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মনোহরী দাস (২৮) নামে এক যুবক নিহত হন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঝড়ের সময় সড়কের ওপর গাছ ভেঙে পড়লে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঝড়ের প্রভাবে রামগঞ্জ ও রায়পুর উপজেলায়ও বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে অনেক এলাকায় অন্ধকার নেমে আসে এবং যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ ঝড়ের কারণে তারা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি। এতে অনেকেই ক্ষতির মুখে পড়েছেন।
জেলা জুড়ে ঝড়ের এমন তাণ্ডবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।
